স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে শনিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করবে আওয়ামী লীগ। শুক্রবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য শনিবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
কোনো ধরনের লোকসমাগম ছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
বৃহস্পতিবার তৃতীয় ধাপের ১০০৭ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১০ পৌরসভার তফসিল ঘোষণা করে।