পাপুয়া নিউগিনি ভয় পাচ্ছে না

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে পাপুয়া নিউগিনি। প্রথম পর্ব ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী তারা। এই গ্রুপের অন্য দল স্কটল্যান্ড। টাইগারদের বিপক্ষে ২১ অক্টোবর খেলবে পাপুয়া নিউগিনি।

শক্তির বিচারে পিছিয়ে থাকলেও কাউকে ভয় পাচ্ছে না পাপুয়া নিউগিনি। গ্রুপে তাদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কেও মন্তব্য করতে গিয়ে দলের অধিনায়ক আসাদ ভালা মনে করিয়ে দিয়েছেন সে কথা। তিনি বলেছেন, ‘আমাদেরকে বিশ্বমানের স্পিন আক্রমণের মুখোমুখি হতে হবে। এটা আমরা জানি। এটা সামনে রেখেই আমরা অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এখন আমরা যে কতটা উত্তেজিত এবং নিজেদেরকে প্রকাশ করার জন্য যে কতটা উদগ্রীব হয়ে আছি, সেটা দেখাতে চাই। আমরা নিজেদের মতো করেই খেলব এবং নিজেরাই নিজেদের খেলায় আনন্দ খুঁজে পেতে চাই।’ নিজের দলের ফিল্ডিং নিয়ে খুবই গর্বিত আসাদ ভালা। তিনি বলেন, ‘আমাদের গর্ব হচ্ছে ফিল্ডিং। অন্যান্য বিভাগেও আমরা সমানভাবে ভালো করতে চাই। পুরো দলটাকেই ভারসাম্যপূর্ণ দল হিসেবে তৈরি করতে চাই। আমরা নিজেদের সেরাটা নিয়ে মাঠে হাজির হব এবং নিজেদের দেশকে গর্বিত করার চেষ্টা করব।’ প্রথম ম্যাচেই ওমানের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের ইতিহাসে এটাই তাদের প্রথম ম্যাচ।