নেইমারের রিলিজ ক্লজ ২২ কোটি ২০ লাখ ইউরো ঠিক করেই নিজেদের নিরাপদ ভেবেছিল বার্সেলোনা। কিন্তু ২০১৭ সালে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। কাতালান দলটির মেসিকে তো ছাড়াতে হয়েছে ফ্রি ট্রান্সফারে। তাই রিলিজ ক্লজের ব্যাপারে সচেতন হয়েছে বার্সেলোনা। পেদ্রির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়ে তার রিলিজ ক্লজ করা হয়েছে ১০০ কোটি ইউরো (১০ হাজার কোটি টাকা)।
১৭ বছরের পেদ্রিকে মাত্র ৫০ লাখ ইউরোতে লাস পালমাস থেকে কিনেছিল বার্সেলোনা। প্রাক মৌসুমে খেলা দেখে কোচ রোনাল্ড কোম্যানের মনে ধরে যায় পেদ্রিকে। খেলান মূল দলে। গত মৌসুমে বার্সেলোনা, স্পেন জাতীয় দল এবং অলিম্পিক মিলে পেদ্রি খেলেছেন ৭০টির মতো ম্যাচ। পেদ্রিকে পেতে চাইবে অনেক ইউরোপীয় ক্লাব, সেটি নিশ্চিত। শোনা গিয়েছিল বায়ার্ন মিউনিখ নাকি চেষ্টাটা করেছিলও। তাই তো ঝুঁকি না নিয়ে পেদ্রির সঙ্গে চুক্তি বাড়িয়ে রিলিজ ক্লজ করা হলো ১০ হাজার কোটি টাকা।