কুমিল্লার দেবিদ্বারে হত্যা মামলার প্রধান আসামি জামিন পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলা তুলে না নিলে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে বলে বাদী জসীম উদ্দিন গত ১২ অক্টোবর করা জিডিতে উল্লেখ করেছেন।
হুমকিদাতা বজলু মেম্বার (সাবেক ইউপি সদস্য) দেবিদ্বারের ফুলতলী গ্রামের সাহেনা বেগম হত্যা মামলার প্রধান আসামি। গত ৮ মে জমিসংক্রান্ত বিরোধে সাহেনা বেগম খুন হন। পরে বজলু মেম্বার হাইকোর্ট থেকে জামিনের চেষ্টা করে না পেলেও কুমিল্লার আদালত থেকে জামিন লাভ করে। এরপর এলাকায় এসে হত্যা মামলার বাদী নিহত সাহেনার ছেলে জসীম উদ্দিনকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়।
জসীম বলেন, মায়ের হত্যার ঘটনায় প্রধান আসামি বজলু মেম্বারসহ ১৫ জনকে অভিযুক্ত করে মামলা করি। পরে পুলিশ মামলার ২নং আসামি বজলু মেম্বারের ছেলে হুমায়ুন কবীরকে আটক করে জেলহাজতে পাঠায়। ২নং আসামি এখনো জেলে থাকলেও ১নং আসামি বজলু মেম্বার জামিনে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। প্রধান আসামি জামিন লাভ করায় আমরা নিরাপত্তাহীনতায় আছি।