তালেবানের নতুন আদেশ : প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না

আদালতের নির্দেশনা না থাকলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না বলে একটি নতুন আদেশ জারি করেছে তালেবান।

এক টুইট বার্তায় তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে, প্রয়োজন ছাড়া কোন প্রকার শাস্তি প্রকাশ্যে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন ‘প্রকাশ্য মৃত্যুদণ্ড এবং মৃতদেহ ঝোলানো এড়িয়ে চলতে হবে যতক্ষণ না সুপ্রিম কোর্ট এ ধরনের পদক্ষেপের আদেশ দেয়’।

তালেবানের মন্ত্রী পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণের পর, স্থানীয় কর্মকর্তাদেরও তা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মাসে শাস্তি হিসেবে অঙ্গ বিচ্ছেদ ও মৃত্যুদণ্ড পুনর্বহালে তালেবানদের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মুজাহিদ বলেন, ‘যদি অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তাহলে শাস্তির ব্যাখ্যা দিতে হবে যাতে জনগণ অপরাধ সম্পর্কে জানতে পারে’।

সেপ্টেম্বরে, একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল যে তালেবানের কারাগারের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আফগানিস্তানের সাবেক বিচার মন্ত্রী মোল্লা নূরউদ্দিন তুরাবি বলেছেন, দেশে প্রকাশ্য মৃত্যুদণ্ড এবং অঙ্গ বিচ্ছেদের মতো শাস্তি আবার শুরু হবে।

এরপর হেরাত শহরে চার অপহরণকারীকে হত্যা করে লাশ শহরের বিভিন্ন চত্বরে ঝুলিয়েও রাখা হয়। তখন সারাবিশ্বে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

আফগানিস্তানে সরকার ঘোষণার পর তালেবান শাসন স্বীকৃতি পেতে ব্যর্থ হয়েছে। চীন, পাকিস্তান এবং মুষ্টিমেয় কয়েকটি দেশকে বাদে বাকি বিশ্ব তালেবানের আচরণের ওপর নজর রাখছে এবং অপেক্ষা করা এবং দেখার নীতি গ্রহণ করেছে।