জাতীয় জাদুঘরে ‘সুইজারল্যান্ড কর্নার’ উদ্বোধন

জাতীয় জাদুঘরের বিশ্বসভ্যতা গ্যালারিতে নবরূপে উদ্বোধন করা হয়েছে ‘সুইজারল্যান্ড কর্নার’। শনিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এটি উদ্বোধন করেন।

জানা যায়, জাদুঘরের বিশ্বসভ্যতা গ্যালারিতে ইতিমধ্যে ৪টি দেশের কর্নার রয়েছে। দেশগুলো হলো- জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান ও সুইজারল্যান্ড। ২০০৬ সালে সুইজারল্যান্ড কর্নারটি স্থাপনের পর নতুন কয়েকটি নিদর্শন যুক্ত করার মাধ্যমে এটিকে নবরূপ দান করা হয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বসভ্যতা গ্যালারিতে সুইজারল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে এদেশের মানুষ আরও বেশি মাত্রায় জানতে ও বুঝতে পারবে। দুই দেশের অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত আরও প্রশস্ত হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ও বেসরকারি সংগঠন ‘ফ্রেন্ডশিপ’ এর নির্বাহী পরিচালক রুনা খান।