নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম শিরোপা

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অষ্টম শিরোপা ঘরে তুলল ভারত।

শনিবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে জয় তুলে নেল ভারত।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পরপর দুই মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৪৯তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড সুনিল ছেত্রি। আসরে এটি তার পঞ্চম গোল। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ৮০টি।

পরের মিনিটেই দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সুরেশ সিং। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে গোলের দিকে না তাকিয়েই প্রথম ছোঁয়ায় দুর্দান্ত কোনাকুনি শটে গোলটি করেন তিনি।

আর যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি চমৎকার গোলে শিরোপা নিশ্চিত করেন সাহাল আব্দুল সামাদ।

গতবার মালদ্বীপের কাছে হেরে রানার্স হয়েছিল ভারত। এবার নেপালকে হারিয়ে খেতাব পুনরুদ্ধার করলেন সুনিল ছেত্রিরা। নেপাল এবারই প্রথম সাফের ফাইনালে পা রেখেছিল।

এর আগে ভারত সাফ চ্যাম্পিয়ন হয় ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে। রানার্স হয় ১৯৯৫, ২০০৮, ২০১৩ ও ২০১৮ সালে।