রোনালদোকে প্রতিদিন খেলানো সম্ভব নয়: সুলশার

ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হার দলটির। যা কোচ উলে গুনার সুলশারের ওপর চাপ বাড়াচ্ছে। উপরন্তু, ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে বসানো এবং তা নিয়ে কিংবদন্তি ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের মন্তব্য সুলশারের ওপর বাড়তি চাপ ফেলেছে। তবে এসব নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন সুলশার।

এভারটন ম্যাচে রোনালদো, পল পোগবাকে বেঞ্চে রেখেই দলে বেশ কিছু পরিবর্তন করে মাঠে নামেন সুলশার। এই দুই তারকাই দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও মার্সিসাইডারদের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় রেড ডেভিলসদের।

এরপরেই ওল্ড ট্রাফোর্ড লাউঞ্জে ম্যাচ দেখতে আসা বিখ্যাত মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিবের সঙ্গে এক কথোপকথনে রোনালদো ম্যাচ স্টার্ট না করায় নিজের হতাশার কথা জানান স্যার অ্যালেক্স। তার ও খাবিবের কথোপকথন মার্শাল আর্টিটেস্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাউন্ড সমেত দেওয়া হয়। প্রকাশ্যে ফার্গুসনের সমালোচনা বেশ বড় আকারের শিরোনাম নেয়।

তবে নিজের সাবেক ম্যানেজারের ভিন্ন মতামত সত্ত্বেও সুলশার সাফ জানিয়ে দিয়েছেন, পতুর্গিজ মহাতারকাকে রোজ খেলানো সম্ভব নয়। তিনি বলেন, ‘রোনালদোকে তো আমরা সকলেই দেখতে চাই, কারণ ও বাকিদের থেকে আলাদা। কিন্তু সহজ ভাষায় বলতে গেলে রোনালদোকে সব ম্যাচে খেলানো সম্ভব নয়। ও আমাদের মৌসুমের প্রতিটা ম্যাচ খেলতে পারবেনা, শারীরিকভাবে এটা সম্ভব নয়।’

সুলশার আরো বলেন, ‘উনি (ফার্গুসন) জানেন এই কাজটা কতটা কঠিন। উনিও তো অনেক সময় ওয়েন রুনি, রায়ান গিগসদের ছাড়াই মাঠে নামার ঝুঁকি নিতেন। কখনো কখনো এটা কার্যকরী হয়, কখনো হয়না।’

সুলশার বলেছেন, এই বিষয়ে তার সঙ্গে ফার্গুসনের কোন বিরোধ নেই। বরং নিজের সাবেক ম্যানেজারের পাশে দাঁড়িয়ে তিনি এমন ব্যক্তিগত মতামত সর্বসমক্ষে চলে আসার বিরোধিতা করেন।