উদ্দেশ্যপ্রণোদিতভাবে যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়াতে চাইছে তাদের উদ্দেশ্য সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে। আমরা সবাইকে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এটি অসাম্প্রদায়িক চেতনার দেশ, আমরা মনে করি ও হৃদয়ে ধারণ করি বলেই আমাদের গতি অপ্রতিরোধ্য।’
গতকাল রবিবার শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত ‘শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে আমরা প্রথম থেকেই বলেছি, এটি কেউ উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। বাংলাদেশের কোনো ধর্মপ্রাণ মানুষ, সে মুসলমান হোক আর খ্রিস্টান হোক কিংবা হিন্দু, তারা ধর্মান্ধ নয়, তারা ধর্মভীরু, যার যার ধর্ম সে পালন করে।