কাদের বললেন

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির নাম্বার ওয়ান পৃষ্ঠপোষক।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ‘স্বপ্ন ও সম্ভাবনার স্ফুলিঙ্গ- শেখ রাসেল’ শীর্ষক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে বিশেষ অনুদান ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

দেশের সব অপকর্ম ও সাম্প্রদায়িকতার জনক হচ্ছে বিএনপি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অপকর্মকারীদের কোনো দল নেই, এরা হচ্ছে দুর্বৃত্ত। জামায়াত ছাড়া বিএনপি অচল এবং জামায়াতের নির্ভরযোগ্য ছাতা হচ্ছে বিএনপি।’

একাত্তরের পরাজিত শক্তিই পঁচাত্তরের হত্যাকাণ্ড ঘটিয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর এই চক্রের বিষবৃক্ষ অনেক গভীরে ছড়িয়ে পড়েছে। এদের নিষ্ক্রিয় মনে হলেও এরা তলে তলে এখনো সক্রিয়, তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে।’