জাতীয় দল ও ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের ফল পেতে চলেছেন তপু বর্মণ। বাংলাদেশ জাতীয় দল ও বসুন্ধরা কিংসের নির্ভরযোগ্য সেন্টারব্যাকে নজর পড়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএল-এর একটি দলের। গেল মৌসুমে প্লে-অফ (সেমিফাইনাল) খেলা নর্থইস্ট ইউনাইটেড এফসি’র কুয়েতে জন্ম নেওয়া ভারতীয় কোচ খালিদ জামিল সরাসরি তপুকে ১৯ নভেম্বর থেকে শুরু জমজমাট প্রতিযোগিতায় নিজের দলে খেলার প্রস্তাব দিয়েছেন।
গত জুনে কাতারে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অসাধারণ এক গোল করেছিলেন তপু বর্মণ। সেই ম্যাচের পরই গত নর্থইস্টের কোচ খালিদ জামিল তার সঙ্গে প্রথম যোগাযোগ করেন বলে জানিয়েছেন তপু। গত মৌসুমের মাঝপথে নর্থইস্টের দায়িত্ব নিয়েছিলেন ভারতের জার্সিতে ১১ ম্যাচ খেলা সাবেক এই মিডফিল্ডার। দায়িত্ব নিয়েই প্রথম ভারতীয় কোচ হিসেবে দলকে প্লে-অফে তুলে চমক দেন। এএফসি কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে তপুর পারফরম্যান্স ছিল দেখার মতো। এই পারফরম্যান্সগুলোই মূলত খালিদকে তপুর ওপর আকর্ষণটা বাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে তপু বলেন, ‘প্রস্তাব পেয়েছি সরাসরি কোচের কাছ থেকে। প্রস্তাবটা আকর্ষণীয়। কোচ বলেছেন, বাংলাদেশে খেলে যা পাই তার চেয়ে অনেক বেশি দেবেন। আমি তাকে বলেছি, আমি বসুন্ধরা কিংসের সঙ্গে মৌখিকভাবে চুক্তিবদ্ধ। তিনি সময় নিয়ে চিন্তা করে জানাতে বলেছেন।’
কেবল আইএসএল নয়, কাতার দ্বিতীয় বিভাগের একটি দলে খেলার প্রস্তাবও মালেতেই পেয়েছেন তপু। মাসে ১০ হাজার ডলারের প্রস্তাব দিয়েছে। তবে বেতন আলোচনার মাধ্যমে বাড়াবে বলে জানিয়েছে এজেন্ট। তপুর অবশ্য কাতারের দ্বিতীয় বিভাগের চেয়ে ভারতের আইএসএল নিয়ে আগ্রহটা বেশি। নিয়মিত খেলার সুযোগ পাওয়াটাকেই বড় করে দেখছেন তিনি, ‘মামুন ভাইকে (মামুনুল ইসলাম) অ্যাথলেটিকো দ্য কলকাতা নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিল। আমি নর্থইস্টের কোচের কাছে নিয়মিত খেলার সুযোগ পাব কি না জানতে চেয়েছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। তাছাড়া বসুন্ধরা কিংসের সঙ্গেও প্রথমে আমার কথা বলতে হবে। কারণ আমি তাদের কথা দিয়েছি, আগামী মৌসুম তাদের হয়ে খেলব।’ গুঞ্জন আছে, বসুন্ধরা কিংস তপুকে এবার রেকর্ড অর্থ দেওয়ার প্রস্তাব করেছে। এর সঙ্গে দেশসেরা দলের অধিনায়কত্বও আছে। এসব ছাপিয়ে আইএসএল-এ খেলার সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয় তার কাছে। যদিও পেশাদার ফুটবলার হিসেবে তিনি সাফ জানিয়েছেন, ‘যেখানে সুযোগ সুবিধা বেশি পাবেন এবং যেখানে খেলার সুযোগও নিয়মিত থাকবে, সেখানেই তিনি খেলবেন।’
তপু নর্থইস্টের প্রস্তাবে সম্মত হলে মামুনুলের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলবেন আইএসএল-এ। উল্লেখ্য, গত মৌসুমে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া খেলেছেন আই-লিগের দল কলকাতা মোহামেডানে।