শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির শেষ দিনে ১ হাজার ১৪৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে করে হিলির খুচরা বাজারে পেঁয়াজের সরবরাহও বেড়েছে, যার প্রভাব পড়েছে দামেও। গত ৫ দিনের ব্যবধানে সেখানে কেজিতে ৫-৬ টাকা করে কমেছে পণ্যটির দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারাও।
গতকাল বাজার ঘুরে দেখা গেছে, পাঁচ দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ খুচরাতে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪২-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, যে হারে পেঁয়াজের দাম বাড়ছিল তাতে করে আমাদের মতো সাধারণ মানুষ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। পেঁয়াজ খাওয়াও কমিয়ে দিয়েছিলাম আমরা। তবে গত কয়েক দিনের তুলনায় দাম কিছুটা কমতে শুরু করেছে। এতে কিছুটা সুবিধা হচ্ছে। তবে আগের মতো ৩০ টাকায় এলে আমাদের জন্য সুবিধা হতো।