চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

মহাকাশে আঘাত হানতে সক্ষম এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। পারমাণবিক বোমা বহনে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা গত আগস্ট মাসে করা হলেও কার্যত বিষয়টি গোপন রেখেছিল পেইচিং। তবে কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গত শনিবার ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য সামনে এনেছে।

ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত আগস্ট মাসে পারমাণবিক বোমা বহনে সক্ষম অত্যাধুনিক প্রযুক্তির এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় চীন। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হওয়ার আগে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রদক্ষিণ করে। চীনা এ মিসাইল মহাকাশে শক্তিশালী ক্ষমতা প্রদর্শন করে যা যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদেরও অবাক করে দেয়।

যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা তথ্য সম্পর্কে তিন ব্যক্তি ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, চীনের ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যমাত্রার ৩২ কিলোমিটারেরও (২০ মাইল) বেশি আগে ভূপাতিত হয় এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। তবে তাদের দুজন বলছেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে চীন এটা দেখিয়ে দিয়েছে যে, দেশটি হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতি করেছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধারণার চেয়েও পেইচিংয়ের অগ্রগতি বেশি। চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি কমপক্ষে পাঁচটি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রসঙ্গত, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর খুব দ্রুত ওপরে উঠে আবার দ্রুত নেমে আসে।