করোনা মহামারীতে দীর্ঘ বিরতির পর খুলে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলসমূহ। গতকাল রবিবার সকাল ১০টা থেকে হলে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা। তবে দীর্ঘ বন্ধের পরও হলের সংস্কারকাজ সম্পন্ন করতে না পারায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কিছু শিক্ষার্থী।
গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে শিক্ষার্থীদের হলে প্রবেশের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম টিপু, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, হল প্রাধ্যক্ষ ড. মো. রওশন জাহিদ ও আবাসিক শিক্ষকবৃন্দ, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।