করোনা মহামারী বিবেচনায় শিক্ষার্থীদের ভোগান্তি আর ঝুঁকি কমাতে প্রথমবারের মতো দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘গুচ্ছ’ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশের ২৬টি কেন্দ্রে একযোগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ পদ্ধতির যাত্রা শুরু হয়। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্র জানায়, প্রথম দিনের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন শিক্ষার্থী অংশ নেন। এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশিত হবে। এরপর গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো সেই তালিকা থেকে নিজেদের শর্তপূরণ সাপেক্ষে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে।
এদিকে, প্রশ্ন ফাঁস ঠেকাতে দেশের সবগুলো পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস জব্দ হওয়ার খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষাসংক্রান্ত খবরাখবর প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের পাঠানো তথ্যে :
শেকৃবিতে ৯৬ শতাংশ উপস্থিতি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কৃষি অনুষদের একাডেমিক ভবন, শেখ কামাল ভবন ও ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বিজ্ঞান বিভাগের মোট ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শতাংশ হিসাবে উপস্থিতির হার ৯৬ দশমিক ৫৮। কেন্দ্র পরিদর্শন শেষে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।
ইবিতে ৭ কেন্দ্রে একযোগে পরীক্ষা: কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সাতটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৭ হাজার ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। পরীক্ষা চলাকালে ইবির উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যার বিষয়ে অবহিত হইনি।’
হাবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সম্পন্ন : দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (হাবিপ্রবি) স্ষ্ঠুুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ পরীক্ষায় হাবিপ্রবিতে ৭ হাজার ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর পর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে আজ একটি ইতিহাস রচিত হলো। গুচ্ছ পদ্ধতির কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা অবর্ণনীয় দুর্ভোগ থেকে রেহাই পেয়েছেন। আজকের পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশের মতো শিক্ষার্থী অংশ নেন।
শাবিপ্রবিতে উপস্থিতি ৯২ শতাংশ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে ৪ হাজার ৭১০ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৪ হাজার ৩৬৪ জন। সে হিসাবে পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯২ দশমিক ৬৫ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৪৬ জন। শাবিপ্রবির ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।