গাড়ি দিয়ে সহায়তার নামে প্রবাসীদের মালামাল লুট

বিদেশ থেকে আসা প্রবাসীদের টার্গেট করা হয় বিমানবন্দরে নামার পরই। গাড়ি দিয়ে সহযোগিতার নামে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। কখনো সখ্য গড়ে প্রবাসীদের চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঢাকার বাইরে ফেলে দেওয়া হয়। লুট করা হয় সঙ্গে থাকা সব মালামাল। রাজধানীর বিমানবন্দরকেন্দ্রিক সম্প্রতি সংঘটিত দুটি ডাকাতির ঘটনার তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেপ্তার করা হয় চক্রের তিন সদস্যকে।

গতকাল রবিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, আটক তিন ব্যক্তি হচ্ছেনÑমো. মাসুদুল হক আপেল, আমির হোসেন হাওলাদার ও মো. শামীম। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মীরবাগ এলাকা থেকে তাদের ধরা হয়। তিনি জানান, চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গত এক বছরেই অর্ধশতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে তাদের নামে। ভাড়া করা গাড়ি ব্যবহার করে এসব করা হচ্ছে।