দৃষ্টি সরাতে এমন কোনো অমানবিক কাজ নেই সরকার করছে না: রিজভী

সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করতে এমন কোনো অমানবিক কাজ নেই যা এই সরকার করছে না।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, করোনায় ব্যর্থতা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি মোকাবিলা করতে না পেরে সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায়।

তিনি বলেন, সরকারের এই সমস্ত ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা করতে না পারে, সরকার তার নীলনকশা অনুযায়ী কাজ করছে।

বিএনপি মুখপাত্র বলেন, জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য এমন কোনো অমানবিক কাজ নেই যা এই সরকার করছে না।

তিনি বলেন, আজকে মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুরা নিরাপদ জীবন যাপন করতে পারছে না। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তারা জীবন-যাপন করছেন। আর অন্যদিকে পবিত্র কোরআন অবমাননা হচ্ছে।

‘আপনারা কুমিল্লার পূজামণ্ডপের অবস্থা দেখেছেন। সরকার নাকি সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে। তাহলে এ ধরনের একটি ঘটনা কীভাবে ঘটল?’ প্রশ্ন তোলেন তিনি।

রিজভী বলেন, ‘আজকে যারা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ; তারা বিএনপি নেতাকর্মীরা পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। আর কুমিল্লা, হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সরকারের গোয়েন্দা সংস্থা কিছুই বলতে পারল না।’