রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ (ডিবি)। গতকাল সোমবার বিকেলে ডিবির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. শামসুল ইসলাম গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে জানান। গত রবিবার যাত্রাবাড়ী থানার কুতুবখালী-দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন মো. জুয়েল, ফিরোজ রহমান ও মো. শামীম হোসেন।
এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ারলেস সেট, দুটি লাঠি, দুটি ডিবির জ্যাকেট, দুটি হ্যান্ডকাফ, একটি সাদা রঙের মাইক্রোবাস ও একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।
এসি শামসুল ইসলাম বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে বড় ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশে ডাকাত দল অবস্থান করছেÑ এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী জুয়েল, ফিরোজ ও শামীমকে গ্রেপ্তার করা হয়।