চেক জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর। গতকাল সোমবার ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ মামলা করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।
মামলায় অভিযুক্ত অন্যরা হচ্ছেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, যশোরের রাজারহাটের ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শেখ শরিফুল ইসলাম বাবু ও যশোর নতুন উপশহর এলাকার হাইকোর্ট মোড় জামরুলতলার শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলম।
গত ১০ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজা দুদক যশোর কার্যালয়ের উপপরিচালকের কাছে জালিয়াতি মামলা রুজু করার অনুরোধ জানিয়ে লিখিত অভিযোগ করেছিলেন।