ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে আরও ১৭২ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৩০ এবং বাইরে ভর্তি হয়েছে ৪২ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৩০ এবং অন্যান্য বিভাগে ১৮৫ জন ভর্তি রয়েছে।
গত ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ৫৭৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ হাজার ৬৭৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে।