বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

গাজীপুর মহানগরীর কাউলতিয়া এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রী (১৩) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গাজীপুর সদর থানায় একটি মামলা করলে বিকেলে তিন অভিযুক্তকে আটক করা হয়। তারা হলো কাউলতিয়া এলাকার মোশারফ (৩২), প্রদীপ দাস (১৮) ও রুহুল (১৮)।

গাজীপুর সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মামলার বাকি দুই আসামি পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে চট্টগ্রামের আনোয়ারায় চাকরির প্রলোভন দেখিয়ে বাসায় আটকে রেখে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নগরীর কোরিয়ান ইপিজেড এলাকার ওই ঘটনায় গতকাল সকালে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি মামলা করলে মো. এনাম (২৫) ও শহিদুল ইসলাম (৩২) নামে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

অপরদিকে মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের অষ্টম শ্রেণি পড়–য়া এক মাদ্রাসাছাত্রীকে (১৪) অপহরণের পর বাসায় আটকে রেখে ধর্ষণের মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার শ্রীপুর থানায় মেয়েটির দাদি বাদী হয়ে একটি মামলা করার পর উপজেলার রায়নগর গ্রামের মিজানুর রহমান আদিল (৩৬) ও মুজদিয়া গ্রামের রাব্বি শেখকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।