দুইদিন পর শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবরাহ শুরু

দুদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার পর হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু হয়েছে। অবৈধ সংযোগের দায়ে জরিমানা, বকেয়া বিলসহ প্রায় ১১ লাখ পরিশোধ করার পর গ্যাস সরবরাহ দেয়া শুরু হয়।

গত শনিবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ায় আবাসিক এলাকার গ্যাসের সব কটি লাইন বন্ধ করে দেয়।

 সূত্র জানায়, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ৩টি নতুন আবাসিক ভবনে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আরএমএস (রেগুলেটারিং মিটারিং সিস্টেম) থেকে পাইপ দিয়ে নতুন ভবনগুলোতে গ্যাসের সংযোগ নেয় শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

সরেজমিন তদন্তে তা প্রমাণিত হওয়ার পরঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকালে শাহজিবাজার  বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

মঙ্গলবার জালালাবাদ গ্যাসের জেনারেল ম্যানেজার মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৬ সাল থেকে সরকারের নির্দেশে সারা দেশে আবাসিক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ কোনো প্রকার অনুমতি না নিয়ে গোপনে ৪০টি বাসায় গ্যাস সংযোগ নেয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়। আরএমএস বন্ধ করে দেয়ায় পূর্বের সংযোগ নেয়া ৩২টি দ্বিমুখী ও ১৭৯টি একক চুলাও বন্ধ হয়ে যায়।

তিনি জানান, সোমবার  জরিমানা, বকেয়া ও অন্যান্য আনুষঙ্গিক বিলসহ প্রায় ১১ লাখ টাকা আদায়ের পর  গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. মিজানূর রহমান অর্থ পরিশোধের কথা স্বীকার করেছেন।