পশ্চিম বঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বশেষ আক্রমণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেমস বন্ড ‘০০৭’ আখ্যা দিয়ে একটি ব্যাঙ্গাত্মক মিম বানানো হয়েছে। ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড এর আইকনিক নম্বর ‘০০৭’-এ একটি চমৎকার টুইস্ট করে মোদিকে তিরস্কার করা হয়েছে ওই মিমে।
তৃণমূলের সিনিয়র নেতা ডেরেক ও’ব্রায়েন ফেসবুকে ওই মিমটি পোস্ট করেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুট-বুট পরা সুপরিচিত ‘বন্ড পোজ’-এ দেখা যাচ্ছে। মিমের ক্যাপশনে লেখা, ‘তারা আমাকে ০০৭ বলে। ০ উন্নয়ন, ০ অর্থনৈতিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক অব্যবস্থাপনা’।
জেমস বন্ডের সিনেমাগুলোতে, জেমস বন্ডকে এই নাম্বার দেওয়া হয়েছে কারণ সে ‘হত্যা করার লাইসেন্স’ সহ একজন ‘০০’ এজেন্ট এবং এই ধরনের লাইসেন্স পাওয়া সপ্তম এজেন্ট।
কিন্তু তৃণমূল মোদীর বিরুদ্ধে এই সংখ্যাটি ব্যবহার করেছে তার ‘সাত বছরে শূন্য উন্নয়ন এবং শূন্য প্রবৃদ্ধি’-র জন্য তাকে তিরস্কার করার উদ্দেশ্যে।
চলতি বছরের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় ৭ বছর পূর্ণ করেছেন।
যদিও তৃণমূল কোনও উদাহরণ দেয়নি। তবে কালো টাকা নিয়ন্ত্রণে মোদির নোট নিষিদ্ধকরণ পদক্ষেপ এবং নতুন পণ্য ও পরিষেবা কর অতীতে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বর্তমানে ভারতে পেট্রোল এবং ডিজেলের দাম স্মরণকালের সর্বোচ্চে উঠেছে।
ডেরেক ও’ব্রায়েনের ওই ফেসবুক পোস্টে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া জানানো হয়েছে হাসির ইমোজি দিয়ে।
বিজেপির তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।