ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ৮০৬ নম্বর রুমে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটের দিকে হলের প্রদীপ্ত ভবনের ওই কক্ষে আগুন লাগে। 

হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতী শহীদ আশা বলেন, ৯টায় ১০ মিনিটের দিকে নবম তলায় আগুন লাগে। ওই রুমটি আগে থেকেই বন্ধ ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, গত রাতে কক্ষটিতে একটি মেয়ে অবস্থান করেছিলেন। উনি সকালে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার সময় 'আয়রন প্লেট' চালু রেখে যায়। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হলের প্রোভোস্ট শামিম বানু বলেন, হলের একটি কক্ষে আগুন লেগেছিল। শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছিল। আগুন এখন নিয়ন্ত্রণে।