বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের পুঁজি ১৫৩

মোহাম্মদ নাঈম এবং সাকিব আল হাসানের ব্যাটে ভর করে ওমানের বিপক্ষে ১৫৩ রান করতে পেরেছে বাংলাদেশ।

যদিও একপর্যায়ে ১৭০-১৮০ রান খুব সহজই মনে হচ্ছিল। কিন্তু হয়নি অন্যদের ব্যর্থতায়। নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে এই পুঁজি টাইগারদের।

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ‘বি’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ওপেনার নাঈম ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন ৩ চার ও ৪ ছক্কায়। সাকিব আল হাসান ২৯ বলে ৪২ রান করেন ৬ চারে।

নাঈম ও সাকিব বাদে দুই অঙ্কের স্কোর করতে পেয়েছেন মাত্র একজন। মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৭ রান করেন।

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে টাইগারদের।

ব্যাটিং অর্ডারে বদল আনা হলেও এদিনও ভালো শুরু পায়নি বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান লিটন দাস (৬)। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে খেলতে নামা মেহেদী হাসান ব্যর্থ হন। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। ৪.৩ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ২১/২।

সাকিব ও নাঈমের তৃতীয় উইকেট জুটিতে আশা পায় বাংলাদেশ। সাকিব আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। যদিও ফিফটি করতে পারেননি তিনি। নাঈম ১৮ ও ২৬ রানে জীবন পেয়ে তা কাজে লাগান এবং ফিফটি তুলে নেন। সৌম্য সরকারের জায়গায় এই ম্যাচে একাদশে আসেন তিনি।

১৪তম ওভারে সাকিবের বিদায়ের পর আসা যাওয়ার মিছিল শুরু হয়। তাই প্রত্যাশিত স্কোর গড়তে ব্যর্থ হয় টাইগাররা।