ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় যাত্রীবাহী লেগুনায় মালবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে মুলতাজিম গার্মেন্টস কোম্পানির শ্রমিক পরিবহনকারী লেগুনায় পেছন দিক থেকে আসা মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ১৪ জন আহত হয়।
ত্রিশাল থানা ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন- ভালুকা উপজেলার রান্দিয়া গ্রামের আলালের মেয়ে রিমা (২০) ও একই গ্রামের নবী হোসেনের ছেলে সাব্বির (২৫)।
ত্রিশাল থানা ওসি মাইন উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।