আত্মঘাতী বোমারুদের পরিবারকে টাকা, পোশাক ও জমি দিল তালেবান

গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আত্মঘাতি হামলা চালিয়ে মারা যাওয়া যোদ্ধাদের পরিবার প্রতি নগদ ১০ হাজার করে টাকা (আফগান মুদ্রায়) এবং পোশাক বিতরণ করার পর তাদেরকে জমি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তালেবান সরকার।

তালেবান সরকারের ‘ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী’ সিরাজউদ্দিন হাক্কানি মঙ্গলবার কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই টাকা ও পোশাক বিতরণ করেন। ওই হোটেলেও তালেবানরা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল বেশ কয়েকবার।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তালেবানরা সাবেক সরকার ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে যুদ্ধের সময় নিহত আত্মঘাতী বোমারুদের প্রশংসা করেছে এবং তাদের পরিবারকে নগদ অর্থ ও পোশাক দিয়েছে এবং জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

তবে মঙ্গলবারের বৈঠকের সময় তোলা ছবিগুলোতে সিরাজ উদ্দিন হাক্কানির চেহারা অস্পষ্ট রাখা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র এখনো তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে।

তালেবানের ‘ভারপ্রাপ্ত মন্ত্রণালয়’ টুইটারে এক বিবৃতিতে বলেছে, ‘মন্ত্রী তার বক্তব্যে শহীদ ও মুজাহিদীনদের জিহাদ এবং ত্যাগের প্রশংসা করেছেন এবং তাদেরকে ইসলাম ও দেশের নায়ক বলেছেন’।

তালেবানের মুখপাত্র কারী সাঈদ খোস্তি বলেন, আত্মঘাতী হামলাকারীদের পরিবারকে পোশাক, ১০ হাজার আফগানি (১১১ ডলার) এবং জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

হাক্কানি তার বাবা জালালউদ্দিন হাক্কানির কাছ থেকে হাক্কানি নেটওয়ার্কের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি তালেবানের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠী, যাকে পশ্চিমা গোয়েন্দা সংস্থা যুদ্ধের সবচেয়ে রক্তাক্ত আত্মঘাতী হামলাগুলোর জন্য দায়ী করে।

২০০৮ সালে কাবুলের আরেকটি হোটেলে হামলার ঘটনায় আমেরিকান ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল। ওই হামলায় একজন আমেরিকান নাগরিকসহ ছয়জন নিহত হয়েছিল।

ওদিকে গত আগস্টে পশ্চিমা সমর্থিত সরকারের বিরুদ্ধে তালেবানের বিজয়ের পর এবার ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসীরা তালেবানের বিরুদ্ধে আত্মঘাতী হামলা শুরু করেছে। আইএস জঙ্গিরা মসজিদ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে ধারাবাহিক আত্মঘাতী বোমা হামলা চালিয়ে শত শত বেসামরিক লোককে হত্যা করে যাচ্ছে।