পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মন্টু শিকদার (৩০) ও তার সহযোগী শহিদুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার চরহোসনাবাদ থেকে মন্টুকে ও হাসপাতাল চত্বর থেকে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ওইদিন বিকেলে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে দশমিনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, মন্টু শিকদারের বাড়ি এবং ওই শিক্ষার্থীর নানা বাড়ি চরহোসনাবাদ গ্রামের একই স্থানে হওয়ার সুবাদে মন্টু তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

একপর্যায়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গতকাল সকালে মন্টু তার মায়ের অসুস্থতার কথা বলে ওই শিক্ষার্থীকে দশমিনা হাসপাতালের একটি কেবিনে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিক্ষার্থীর ডাকচিৎকারে সেবিকারা এগিয়ে আসলে মন্টু পালিয়ে যায়। মন্টুর কাজে সহযোগিতা করে হাসপাতালে ওয়ার্ডবয় শহিদুল।

দশমিনা থানার ওসি মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত মন্টু ও শহিদুলকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।