১০০ কোটি করোনা টিকাদানে দ্বিতীয় দেশ ভারত

করোনার টিকাদানে ১০০ কোটির মাইলফলক পেরোলো ভারত। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বৃহস্পতিবার এ লক্ষ্যমাত্রা ছুঁয়েছে দেশটি। খবর স্থানীয় গণমাধ্যমের।

এর আগে গত জুনে ১০০ কোটি টিকাদানের লক্ষ্য পার করে চীন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৬ আগস্টের মধ্যে ৫০ কোটি টিকাকরণ হয়েছে। বাকি টিকা দেওয়া হয়েছে ৭৬ দিনে।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার আড়াই কোটি টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১তম জন্মদিনে একই সংখ্যক টিকা দেওয়া হয়।

টিকাদানের হিসেবে ভারতে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। এ রাজ্যে টিকা দেওয়া ১২ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৮৫৯। তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে দেওয়া হয়েছে ৬ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৬১৭ টিকা।

কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, এখনো পর্যন্ত ৭৫ শতাংশ পূর্ণবয়স্ক ব্যক্তি প্রথম ডোজ টিকা পেয়েছেন। ৩১ শতাংশ পেয়েছেন দুটি। প্রতি সেকেন্ডে ৭০০টি টিকা দেওয়া হয়েছে।

গত ১৬ জানুয়ারি করোনা প্রতিরোধে ভারতে বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর বছরের মাঝামাঝিতে এসে করোনার ভারতীয় ধরন ডেল্টা বিশ্বের মহামারি পরিস্থিতি পাল্টে দেয়। এখনো অনেক দেশ এই ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।