শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে প্রসূন রহমান পরিচালিত চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। ২২ অক্টোবর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ছবিটি।
পরিচালক জানান, পাঁচ বছর আগে নির্মাণ শেষ হলেও নানা কারণে এতদিন ছবিটি মুক্তি পায়নি। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির গল্পটা ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে। ছবিটির মুক্তি নিয়ে পরিচালক প্রসূন রহমান বলেন, খুশির খবর হচ্ছে অবশেষ ছবিটি মুক্তি দিতে পারছি। আপাতত অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি দিচ্ছি। পাশাপাশি কিছু সিঙ্গেল স্ক্রিনেও মুক্তির পরিকল্পনা রয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, নাইরুজ সিফাত, জয়িতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এসএম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।
২০১৬ সালে বারী সিদ্দিকীর কণ্ঠে গান রেকর্ডিংয়ের মাধ্যমে ‘ঢাকা ড্রিম’ চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসূন রহমান। চলতি বছরের মার্চে এটি ছাড়পত্র পায়। ৮ অক্টোবর আসে এর ট্রেলার। ছবিতে আছে অনেক চরিত্র- যৌনকর্মী, ছাত্র, স্বল্পশিক্ষিত বেকার, অন্ধ ভিক্ষুক, স্বামী পরিত্যক্তা নারী, খুনি, রিকশাচালক, নরসুন্দর, রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী ও নদী ভাঙনে গৃহহারা পরিবারের ছায়া। যাদের প্রত্যেকেই গ্রাম থেকে জাদুর শহর ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছেন।
ছবিটি ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো থেকে ঘুরে এসেছে। কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবে গিয়ে প্রশংসিত হয়েছে এই 'ঢাকা ড্রিম'।