আবহাওয়ার খবরের সময় টিভিতে পর্ণ ভিডিও প্রচার!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি সংবাদ চ্যানেলে আবহাওয়ার খবরের সময় দুর্ঘটনাক্রমে পর্ণ ভিডিও প্রচার করা হয়। ওয়াশিংটনের স্পোকানে অবস্থিত সিবিএস নিউজ এর সঙ্গে যুক্ত স্থানীয় সংবাদ কেন্দ্র কেআরইএম তাদের সন্ধ্যা ৬টার নিউজকাস্টের সময় ভুলে ১৩ সেকেন্ড ধরে একটি পর্ণ ভিডিও সম্প্রচার করে।

আবহাওয়াবিদ মিশেল বস খবর পড়ছিলেন, আর সে সময়েই পর্ণ ক্লিপটি তার পেছনে চলতে শুরু করে। তিনি এবং তার সহ-অ্যাঙ্কর কোডি প্রক্টর দুজনের কেউই বিষয়টি টের পাননি। গ্রাফিক ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অবস্থায় তারা তাদের রিপোর্ট অব্যাহত রাখেন।

কেআরইএম পরে তাদের রাত ১১টার খবর সম্প্রচারের সময় সন্ধ্যার খবরে ‘অনুপযুক্ত’ ভিডিও প্রচারের জন্য ক্ষমা চেয়েছে। কেআরইএম-এর মূল কোম্পানির একজন নির্বাহী নিশ্চিত করেছেন যে, তাদের টিভি চ্যানেল দুর্ঘটনাক্রমে এক্স-রেটেড ফুটেজ সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছে।

ওদিকে দর্শকদের কাছ থেকে এ ব্যাপারে বেশ কয়েকটি কল পাওয়ার পর স্পোকানের পুলিশ বিভাগ এখন ঘটনাটি নিয়ে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, ‘এই ঘটনায় শহর এবং কাউন্টির সংশ্লিষ্ট নাগরিকদের কাছ থেকে অসংখ্য কল এসেছে’।

২০১৭ সালের অনুরূপ এক ঘটনায় একজন দর্শক বিবিসির এক কর্মচারী কর্মস্থলে বসে পর্ণ ভিডিও দেখছে বলে অভিযোগ করেন। ওই বিবিসি কর্মচারী খবর পরিবেশনের সময় উপস্থাপকের পেছনে বসে পর্ণ দেখছিলেন এবং তার কম্পিউটার স্ক্রিন টিভির স্ক্রিনে দেখা যাচ্ছিল।