গ্লাসগোতে আসন্ন জলবায়ু সম্মেলনে দেশের স্বার্থরক্ষা কৌশলকে আরও জোরদার করতে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের দাবি জানিয়েছে নাগরিক সমাজ প্রতিনিধিরা। তারা জলবায়ু আলোচনায় কার্যকর ভূমিকা রাখার জন্য নাগরিক সমাজকে সুযোগ প্রদানের সুপারিশও করেন।
বৃহস্পতিবার ‘কপ-২৬: সরকারি অবস্থান এবং নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি’ শিরোনামের এক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এ দাবি জানান।
সেমিনারে বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে অন্যতম বিপদাপন্ন দেশ হিসেবে প্যারিস চুক্তির আওতায় আইনগতভাবে বাধ্যতামূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এই সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থান নেওয়া উচিত, যাতে উন্নত অভিযোজনের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করা যায় এবং জলবায়ু পরিবর্তনের ফলে সংগঠিত ক্ষয়-ক্ষতির যথাযথ ক্ষতিপূরণ পাওয়াও সম্ভব হয়।
কোস্ট ফাউন্ডেশন, অর্গানাইজেশন ফর স্যোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এওএসইডি), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে (ইক্যুইটিবিডি) যৌথভাবে এই সেমিনারটি আয়োজন করে।
জাতীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ইকুইটিবিডি’র রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশেক উল্লাহ রফিক এমপি কক্সবাজার -২। অন্যান্যের মধ্যে এতে আরও বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মীর্জা শওকত, সিপিআরডি’র মো. শামসুদ্দোহা, কানসা-বিডি’র কো-চেয়ার রাবেয়া বেগম, সিডিডি’র জাহাঙ্গীর হোসেন মাসুম, লিডার’র মোহন কুমার মণ্ডল, এওএসইডি’র শামীম আরেফিন, এবং ক্লিনের হাসান মেহেদী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্যুইটিবিডির সৈয়দ আমিনুল হক।