দোকানিকে ছুরিকাঘাত করে চেইন ছিনতাইয়ের চেষ্টা নারীর

পাবনার ঈশ্বরদীতে এক স্বর্ণের দোকানদারকে ছুরিকাঘাত করে আট আনা স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় কনিকা খাতুন (২৩) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী বাজারের মেইন রোডের মিঠু জুয়েলার্স নামের স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মিঠু জোয়ার্দ্দারকে (৫৪) প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তের স্বার্থে ওই নারীর পূর্ণ পরিচয় প্রকাশ করছে না পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকাল ৪টার দিকে কনিকা খাতুন নামের ওই নারী স্বর্ণপট্টির ‘মিঠু জুয়েলার্স’ গিয়ে প্রথমে ৮ আনা স্বর্ণের চেইন কিনতে চান। চেইনটি দেখার সঙ্গে সঙ্গে তা নিয়ে পালানোর চেষ্টা করলে দোকাদার মোস্তাফিজুর রহমান মিঠু তার হাত চেপে ধরে আটকানোর চেষ্টা করেন। সে সময় ওই নারী ব্যাগে থাকা একটি ধারাল চাকু দিয়ে দোকাদার মিঠুর পেটে ঢুকিয়ে দৌড়ে দোকান থেকে পালানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় দোকানদারেরা ওই তাকে চাকু ও স্বর্ণের চেইনসহ আটক করে পুলিশে দেন।

এরপর গুরুতর আহত স্বর্ণ ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মিঠু জোয়ার্দ্দারকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবীর জানান, চেইন নিয়ে পালানোর চেষ্টা করলে দোকাদার মোস্তাফিজুর রহমান মিঠু ওই নারীর হাত চেপে আটকানোর চেষ্টা করেন। সে সময় ওই নারী ব্যাগে থাকা একটি ধারাল চাকু দিয়ে দোকাদার মিঠুর পেটে ঢুকিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় দোকানদাররা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে।

তদন্তের স্বার্থে মেয়েটির নাম পরিচয় প্রকাশ না করলেও তার বাড়ি ঈশ্বরদী শহরের সাঁড়া গোপালপুর এলাকায় বলেও জানান তিনি।