কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে।
সকালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় এই পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে ভোররাতে ঘটনাস্থলে ৪ জন রোহিঙ্গা নিহত হওয়ার খবর জানায় পুলিশ।
এ সময় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে ৪ জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, শুক্রবার ভোর রাতে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
ঘটনার পর পরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি।