পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে ছয় বছরের মেয়েকে নিয়ে থানায় হাজির হয়েছেন অভিযুক্ত স্বামী আব্দুস সত্তার।
পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হন স্বামী আব্দুস সত্তার (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের ছেলে আব্দুস সত্তার শেখ। আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা বিপর্যস্ত ছিলেন।
এসব কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুস সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করেন। পরে শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছোট মেয়ে সাদিয়া আক্তারকে সঙ্গে নিয়ে পিরোজপুর সদর থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা পুলিশকে জানান।
পিরোজপুর সদর থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আব্দুস সত্তার নিজেই থানায় এসেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।