পৃথিবীর ‘সবচেয়ে বড়’ সাপ ধরা পড়ল ডোমিনিকার জঙ্গলে (ভিডিও)

ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিশাল এক সাপকে একটি খননকারী ক্রেনে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি কমপক্ষে দুই সপ্তাহ ধরে ইন্টারনেটে ঘুরছে এবং সাপটির আকার দেখে মানুষ হতবাক হয়ে যাচ্ছে।

বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে অনুমান করা হচ্ছে যে, এটি এ পর্যন্ত ধরা পড়া বিশ্বের সবচেয়ে বড় সাপ হতে পারে।

চলতি মাসের শুরুর দিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেক অনলাইন সংবাদ মাধ্যমে ভুলভাবে রিপোর্ট করা হয়েছে যে, সাপটি ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলে পাওয়া গেছে।

ঝাড়খণ্ডের ধনবাদের এফসিআই সিন্ড্রিতে বিশাল সাপটি আবিষ্কার করা হয়েছে এমন দাবির ভিত্তিতে ভারতীয় সোশ্যাল মিডিয়া স্পেসে ভিডিওটি ভাইরাল হয়।

‘বিশাল! ঝাড়খণ্ডের ধনবাদে ১০০ কেজি ওজনের এবং ৬.১ মিটার লম্বা এই #পাইথনটি স্থানান্তর করতে একটি ক্রেন লাগল,’ টুইটারে ক্লিপটি শেয়ার করার সময় ঝাড়খণ্ডের এমপি পরিমল নাথওয়ানি লিখেছিলেন। আরো অনেকেই একই দাবি করে ভিডিওটি পোস্ট করেছিলেন।

তবে, দ্য মিরর এর খবর অনুসারে, সাপটি ক্যারিবিয়ান দ্বীপ ডোমিনিকার রেইনফরেস্ট থেকে ধরা পড়েছে। জঙলের একটি অংশ পরিষ্কার করার সময় শ্রমিকরা সাপটি দেখতে পায়।

ভিডিওটি টিকটকে শেয়ার করেছেন ফকরুলাজওয়া (@fakrulazwa) নামের একজন। টিকটকে ভিডিওটি প্রায় ৮ কোটি বার দেখা হয়েছে। একই অ্যাকাউন্টে শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে কিছু মানুষ একটি গাড়ির ভেতরে সাপটিকে রাখার চেষ্টা করছেন, কিন্তু বেশি বড় হওয়ায় গাড়িতে সাপটির জায়গা হচ্ছে না।

এনবিটি বিহার নিশ্চিত করেছে যে, সাপটি ঝাড়খণ্ডে পাওয়া যায়নি। ধনবাদের স্থানীয় প্রশাসন স্পষ্ট করে বলেছে যে, জেলার কোনও অংশে এই ধরনের কোনও সাপ পাওয়া যায়নি, এবং জেসিবি মেশিন দিয়ে সাপ তোলার কোনও উদাহরণও নেই।

ক্রেন দিয়ে বিশাল সাপ টেনে তোলার এই রোমহর্ষক ফুটেজ অতএব ঝাড়খণ্ডের নয়, যা আগে অনুমান করা হয়েছিল, বরং এটি ক্যারিবিয় অঞ্চলের ডোমিনিকার জঙ্গলের দৃশ্য।

নিউইয়র্ক পোস্টের মতে, ভাইরাল ভিডিওটিতে কোন ধরনের সাপ দেখা গেছে তা স্পষ্ট নয়। তবে বোয়া কনস্ট্রিক্টর নামে ক্যারিবিয়ান দ্বীপে বড় সাপের একটি প্রজাতি আছে। এই সাপগুলো ১৩ ফুট পর্যন্ত লম্বা হয়।

মাত্র ২৯ মাইল (৪৭ কিলোমিটার) লম্বা এবং ১৬ (২৪ কিলোমটার) মাইল চওড়া ক্যারিবিয়ান স্বর্গ হিসেবে খ্যাত ডোমিনিকাকে ‘দ্য নেচার আইল্যান্ড’ বলা হয়, যেখানে রয়েছে বিচিত্র সব বন্যপ্রাণী।

দ্বীপে বসবাসকারী সাপের একটি মারাত্মক প্রজাতি হল বোয়া কনস্ট্রিক্টর, যা ১৩ ফুট পর্যন্ত লম্বা হয়।

শিকারকে আক্রমণ করার সময় বোয়া কনস্ট্রিক্টররা প্রথমে তাদের দাঁত দিয়ে কামড়ায় এবং এরপর শিকারকে পেঁচিয়ে ধরে পিষে মারে।


ব্রাজিলের সাপ

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি এ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছিলেন, যেটিকে সেসময় পৃথিবীর দীর্ঘতম সাপ বলা হয়েছিল।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিরা গুহায় পাওয়া এ্যানাকেন্ডা সাপটির ওজন ছিল ৬৩ স্টোন বা ৩৭৮ কেজি।

আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে মেডুসা নামের একটি পাইথন আছে যার দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি।