যদি থাকে প্রতিভা, ফুটবলে বয়স কোনো বাধা নয়। সেই দর্শনেই যেন বিশ্বাসী আর্সেনালের একাডেমি কোচরা।
মাত্র ৪ বছর বয়সী এক ক্ষুদে বালকের সঙ্গে চুক্তি করেছে গানাররা। নিজেদের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলারের সঙ্গে চুক্তি করে নতুন রেকর্ডও গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
বালকটির নাম জায়ান আলী সালমান। গানারদের সঙ্গে সন্তানের চুক্তিতে তার বাবা অবশ্য বিস্মিত নন। কেবল আর্সেনাল নয়, বেশ কয়েকটি ক্লাব সালমানকে পেতে চেয়েছিল।
সন্তানের চুক্তির বিষয়ে সালমানের বাবা বিবিসি’কে বলেন, ‘তার জন্মের দিনটি এখনো আমার মনে আছে। নার্স তাকে আমার সামনে রেখেছিল আর সে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকাচ্ছিল। তাতে নার্সও অবাক হয়েছিলেন। ছোটবেলা থেকে সে শক্তিশালী।’
সালমানের কোচ অস্টিন স্কোফিল্ডেরও বিশ্বাস, বয়সের চেয়ে সে অনেক এগিয়ে।
তবে বালকটির অবিশ্বাস্য অর্জন সত্ত্বেও, এত কম বয়সে ক্লাবে নাম লেখানোয় অনেকে পেশাদারি ফুটবল নিয়ে সমালোচনামুখর হয়েছেন।