কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠায় ‘সুপারম্যানের অভিযান’, ভারতে তীব্র বিতর্ক

ডিসি কমিকসের সবচেয়ে আলোচিত চরিত্র সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যান। গোটা পৃথিবী জুড়েই তারা জনপ্রিয় সুপার হিরো। সম্প্রতি সেই সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল বলে মন্তব্য করেন সুপারম্যান এবং সেখানে থাকা সব অস্ত্র ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠা করেন।

আর তা নিয়েই ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, সুপরাম্যান এবং ওয়ান্ডার ওম্যান পৌঁছে গেছেন একটি কাল্পনিক জায়গায়। যেখানে গণহত্যা চলছে। ভয়েস ওভারে বলা হচ্ছে, কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল। তবে দেশের নাম ভারত বলা হয়নি। এম’গোটা নামের একটি কাল্পনিক দেশের নাম ব্যবহার করা হয়েছে। সুপারম্যান সেখানে পৌঁছে দেখছেন গণহত্যা চলছে। এরপরেই তারা সেনাদেরর সমস্ত অস্ত্র নষ্ট করে দেন এবং কাশ্মীরকে অস্ত্রমুক্ত করে শান্তি ফিরিয়ে আনেন।

ভিডিও ক্লিপটি ডিসি কমিকস-এর নতুন কোনো ফিল্মের অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ ডিসি কমিকস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিসি কমিকসের অফিশিয়াল ফেসবুক ইউটিউব পেজেও ভিডিওটি এখনো আপলোড করা হয়নি। প্রশ্ন উঠেছে, কোথা থেকে মিলল এই ভিডিও?

ক্লিপটি সম্ভবত প্রথম আপলোড করে ‘দ্য বাইট’ নামের একটি নিউজ পোর্টাল। নিজেদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তারা ক্লিপটি ছড়িয়ে দেয়। সেখানে বলা হয়, ডিসি-র নতুন ছবি ইনজাসটিসে সুপারম্যান কাশ্মীরকে অস্ত্রমুক্ত করবেন।

এরপরেই ক্লিপটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মানুষ এর পক্ষে এবং বিপক্ষে কথা বলতে শুরু করেন। ভারতীয় নেটনাগরিকদের একাংশ এর সমালোচনা করে বলেছেন, ‘সুপারম্যান কি এবার আফগানিস্তানেও যাবেন?’ কারও মন্তব্য, ‘ভারতে সুপারম্যান যথেষ্ট জনপ্রিয়। কিন্তু এ কাজ করে তিনি জনপ্রিয়তা হারালেন’। আবার পক্ষেও কথা বলছেন অনেকে। এক নেট নাগরিকের বক্তব্য, ‘কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে সুপারম্যানই প্রয়োজন’।

এখন দেখার বিষয় সত্যিই সুপারম্যানকে কাশ্মীরে পাঠাচ্ছে কি না ডিসি কমিকস। নাকি আরো অনেক ভিডিও-র মতো এটিও ভূয়া।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘পশ্চিমারা এখন অ্যানিমেটেড সিনেমা ব্যবহার করে ভারতবিরোধী প্রচারণা চালাচ্ছে। এই সস্তা স্টান্ট কাজ করবে না। কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের অপমান করার এই অপমানজনক প্রচেষ্টা আমরা সহ্য করব না। @DCComics বিতর্কিত দৃশ্য মুছে দিন!’

সিনেমাটি একই নামের একটি ভিডিও-গেম সিরিজের গল্প থেকে বানানো হচ্ছে, যা থেকে একটি কমিক বইও লেখা হয়েছে।

সিনেমাটির কাহিনীতে, জোকার সুপারম্যানকে তার বান্ধবী লুইস লেনকে হত্যার জন্য প্ররোচিত করার পর সুপারম্যান একজন অত্যাচারী হয়ে ওঠেন। তিনি পৃথিবীর শাসক হন। ব্যাটম্যান এবং তার বাকি কিছু সহযোগী বিদ্রোহী হয়ে ওঠে।

ভিডিও ক্লিপটিতে স্পষ্ট করা হয়নি যে, তিনি প্রতিটি দেশের সামরিক হার্ডওয়্যার ধ্বংস করেছেন নাকি শুধু ভারতের। ক্লিপে কোন দেশের উল্লেখ ছিল না।

ভিডিওতে আরও দেখা গেছে এই সুপারহিরো ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের শান্তি চুক্তিতে সম্মত হতে বাধ্য করছে।

ক্লিপের প্রতিক্রিয়ায়, টুইটারে #AntiIndiaSuperman ট্রেন্ড করেছে, অনেকে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছে। কেউ কেউ ডিসি কমিক্স বয়কটের ডাকও দিয়েছেন।