রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে ‘কিশোর গ্যাংয়ের’ মারামারি চলাকালে কয়েকজন কিশোরের পিটুনিতে রিয়াদ আহমেদ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতে হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রিয়াদের বড় ভাই রায়হান আহমেদ যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন। জড়িত সন্দেহে সাব্বির নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, রিয়াদের বাবা শুক্কুর আলী সিটি করপোরেশনে কর্মরত। তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে রিয়াদ ছিল সবার ছোট। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
পরিবার সূত্রে জানা যায়, রিয়াদ পরিবারের সঙ্গে ধলপুর এলাকার কোল্ড স্টোরেজ গলিতে থাকত। স্থানীয় বিবির বাগিচা এলাকার সবুজ বিদ্যাপীঠ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সে ধলপুরের বাঁশপট্টি এলাকা দিয়ে বাসায় ফিরছিল। এর আগে সেখানে ‘কিশোর গ্যাং’ সাব্বির গ্রুপের সঙ্গে আরেকটি কিশোর গ্রুপের মারামারি হওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।
আরও জানা যায়, রিয়াদকে দেখে প্রতিপক্ষ ভেবে রড দিয়ে পেটানো হয়। পরে তারা বুঝতে পারে, রিয়াদ তাদের প্রতিপক্ষ নয়। তখন তারা রিয়াদকে পানি খাওয়ায় এবং ঘটনাটি কাউকে না জানাতে অনুরোধ করে। রিয়াদ কাউকে জানায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে রিয়াদ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আবুল খালেক বলেন, বিষয়টি জানার পর বিস্তারিত খোঁজ নেওয়া হয়। ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে পুরো ঘটনাটি সম্পর্কে জানা যায়। এরই মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।