জমি নিয়ে বিরোধ

পাটগ্রামে হামলায় নিহত ১

লালমনিরহাটের পাটগ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রহমতপুরের বাসিন্দা খুরশিদা বেগম ও আমিনুল ইসলাম।

পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, রহমতপুরের শাহজাহান আলীর সঙ্গে দীর্ঘদিন থেকে প্রতিবেশী আইয়ুব আলীর জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধপূর্ণ জমির সীমানায় সুপারিগাছের চারা রোপণ করেন শাহজাহান আলী। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আইয়ুব আলী পক্ষের লোকজনের হামলায় শাহজাহান আলী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।