বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। নানা কারণের মধ্যে একটি হচ্ছে প্রদর্শনের ভালো ব্যবস্থা না থাকা। আধুনিক সিনেমা হল নির্মাণ এখন সময়ের দাবি। আধুনিক হল নির্মাণের দাবি জানিয়ে প্রায় তিন বছর ধরে সোচ্চার রয়েছেন চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। জানালেন তিন বছর আগে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর বরাবর সিনেপ্লেক্স নির্মাণের আবেদন জানান। তারপর থেকেই সিনেপ্লেক্স নির্মাণের লক্ষ্যে অনড় রয়েছেন এই নির্মাতা।
এই পরিচালকের দাবি, দেশের ৩০০ নির্বাচনী আসনে একটি করে সিনেপ্লেক্স নির্মাণ করা। তার মতে, একটি সংসদীয় আসন মানেই দেশের একটি অঞ্চলের ঠিকানা।
বলতে গেলে একাই তিনি এই দাবি করে আসছেন। অথচ এই দাবি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার হওয়া উচিত। একটি সংসদীয় আসনে একটি সিনেপ্লেক্স নির্মাণ হলে হিসেব অনুযায়ী গোটা দেশে ৩০০টি সিনেপ্লেক্স পাব আমরা। এটা সিনেমার উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে বলে হাবিব মনে করেন।
হাবিব বলেন, সময়ের প্রয়োজনে সিনেমা হলের পরিবেশের উন্নতি হওয়া দরকার। সিনেমা দেখতে এসে মানুষ যাতে কেনাকাটার সুযোগ পায়, খাবারের সুবন্দোবস্ত থাকে। মানুষ যাতে আনন্দ আড্ডা দিতে পারে এমন আধুনিক পরিবেশ নিশ্চিত করার জন্যই সিনেপ্লেক্স প্রয়োজন।
দেশ রূপান্তরকে হাবিব বলেন, ‘দেখুন একটি সিনেপ্লেক্স নির্মাণ করা মানে শুধু কিন্তু সিনেমা হল নয়, সেখানে একটা চেইন মার্কেটেরও জন্ম হচ্ছে। সিনেপ্লেক্স নির্মাণ করলে সেখানে শপিংমল যেমন থাকছে তেমনি খাবার দাবারের দোকানও থাকছে। বলতে গেলে ওই অঞ্চলের একটি কেন্দ্রে পরিণত হচ্ছে জায়গাটি। এটা কিন্তু বাংলাদেশের উন্নয়নের মডেলকেই বদলে দিবে।’
এদিকে ভালো সিনেমা নির্মাণ না হলে ভালো হল কি করে নির্মিত হবে? এমন প্রশ্নের জবাবে হাবিব বলেন, ‘অনেকে আমাকে প্রশ্ন করেন, সিনেপ্লেক্স চাচ্ছেন। ধরা যাক সিনেপ্লেক্স হলো। ভালো সিনেমা কই? ভালো সিনেমা নির্মাণ না হলে সিনেপ্লেক্স নির্মাণ করে কী কোন লাভ হবে? তাদের প্রতি আমার একটা কথা ডিম আগে না মুরগী আগে এই বিতর্কে যাবেন না। সিনেপ্লেক্স নির্মাণ হলে ভালো সিনেমাও নির্মাণ হবে।