ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ রানে অলআউট উইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালে এই ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা। তবে এবারের দেখায় উইন্ডিজকে রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিয়ে চলেছে ইংলিশরা।

দুবাইয়ে শনিবার সুপার টুয়েলভ পর্বের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৪.২ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গেছে উইন্ডিজ। আদিল রশিদ ২.২ ওভারে মাত্র ২ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন।

ক্যারিবীয় ব্যাটাররা এদিন কুপোকাত হয়েছে ইংলিশ স্পিনে। লেগ স্পিনার রশিদ এবং অফ স্পিনার মইন আলি মিলে নিয়েছেন ৬ উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারে এভিন লুইসকে (৬) ফিরিয়ে উইকেট উৎসব শুরু করেছিলেন ক্রিস ওকস। এরপর লেন্ডল সিমন্স (৩) ও শিমরন হেটমায়ারকে (৯) তুলে নেন মইন। ২৭ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা আর কাটিয়ে উঠেতে পারেনি দলটি।

মইন ৪ ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। বাঁহাতি পেসার টাইমাল মিলসও ১৭ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।

ক্যারিবীয়দের পক্ষে দুই অঙ্ক ছুতে পেরেছেন কেবল ক্রিস গেইল। মিলসের বলে ফেরার আগে ১৩ বলে ১৩ রান করেন তিনি।