দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারিজ শিকদার (৩২) নামে একজন নিহত হয়েছে। তিনি ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত সোহরাব শিকদারের পুত্র।

এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেল তিনটার দিকে ইউনিয়নের খারদিয়া গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকদের সঙ্গে আরেক স্বতন্ত্র প্রার্থী টুকু ঠাকুরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থক মারিজ গুরুতর আহত হয়।

তারা আরও জানান, তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ছাড়া এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে।

এদিকে মারিজ শিকদারের মৃত্যুর খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সমপাদক আলমগীর মিয়ার বাড়িসহ টুকু ঠাকুরের সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।