১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন সুমাইয়া

শেখ রাসেল জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ‍সুমাইয়া দেওয়ান।

আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে সেরা হওয়ার পর শনিবার রেকর্ড টাইমিং করে ২০০ মিটার স্প্রিন্টেও সেরা হয়েছেন সুমাইয়া।

বনানীর আর্মি স্টেডিয়ামে দুদিন ব্যাপী আসরের শেষ দিনে বিকেএসপির সুমাইয়া ২০০ মিটার স্প্রিন্টে ২৫.৩৫ সেকেন্ডে দৌড় শেষ করেন।

এই ইভেন্টে আগের রেকর্ডটি ছিল শামসুন্নাহার চুমকির। ২০০২ সালে চুমকি ২৫.৬০ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড গড়েছিলেন।

শুক্রবার ১০০ মিটার স্প্রিন্টে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন সুমাইয়া।

সব মিলে এবারের আসরে চারটি নতুন রেকর্ড হয়েছে। ছেলেদের জাভেলিন ডিসকাস থ্রো-তে পাবনা জেলা ক্রীড়া সংস্থার মাসুম আহমেদ, মেয়েদের জাভেলিনে ডিসকাস থ্রোতে নোয়াখালীর জেলা ক্রীড়া সংস্থার বিবি হাজেরা এবং বালিকাদের শটপুটে ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার জুয়াইরিয়া ফেরদৌস নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

১৮ স্বর্ণ এবং ১১টি করে রুপা ও ব্রোঞ্জ জিতে আসরের সেরা হয়েছে বিকেএসপি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে নড়াইল ও কুষ্টিয়া জেলা।