বাগেরহাটে সড়ক থেকে নবজাতকের, নাটোরের লালপুরে বস্তাবন্দি শিশুর এবং ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চের কেবিন থেকে উদ্ধার করা হয়েছে নারীর লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
বাগেরহাট : সড়কে পড়ে থাকা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের একটি আশ্রমের সামনের রাস্তার ওপর থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর : লালপুরে বাবলী (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার আবদুলপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিশুটি আবদুলপুরের কদমতলা গ্রামের বাবু কুলির ছেলে। এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়–য়া এক শিক্ষার্থী ও তার বাবাকে আটক করা হয়েছে।
পরিবার জানিয়েছে, ১৯ অক্টোবর দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
পটুয়াখালী : ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি সম্রাট লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে লঞ্চের স্টাফ কেবিন থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লঞ্চের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। বাইরে থেকে কেবিন তালাবদ্ধ দেখে লঞ্চের স্টাফরা পুলিশকে খবর দেয়।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, তরুণীর পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে।