বাবাকে দেখে ছোট্ট শিশুর দৌড়, পৌঁছানোর আগেই ইজি বাইক নিল প্রাণ

শেরপুরের শ্রীবরদীতে ইজি বাইকের চাপায় অনিকা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিকা মোল্লাপাড়া এলাকার উকিল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শিশুর বাবা ভায়াডাঙ্গা বাজার হতে বাড়ি ফিরছিলেন। এ সময় ইজি বাইকটি বাড়ির সামনে থামলে বাবাকে দেখে অনিকা বাড়ি থেকে দৌড়ে বাবার কাছে আসতে চায়। এ সময় ভায়াডাঙ্গা বাজার থেকে আর একটি ইজি বাইক দ্রুত গতিতে এসে অনিকাকে চাপা দেয়।

আরও জানা যায়, এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা অনিকাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই অনিকা মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ইজি বাইকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় মেয়ের বাবা মামলা করতে অনিচ্ছা প্রকাশ করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে থানায় সাধারণ ডায়েরি হয়েছে ।