চূড়ান্ত ড্যাপও যৌক্তিক কারণে হতে পারে সংশোধন : তাজুল

ড্যাপ রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) গেজেট আকারে প্রকাশিত হবে। তবে যৌক্তিক কারণে কোথাও সংশোধনের প্রয়োজন পড়লে সেটি করার সুযোগ থাকবে।

গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ড্যাপ চূড়ান্তকরণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। এরপর ড্যাপ রিভিউয়ের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির মাধ্যমে চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে।’

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী এবং প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।