দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শাবিপ্রবির হলগুলো

দীর্ঘ দেড় বছর পর খুলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।

সোমবার সকালে শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেয় হল কর্তৃপক্ষ। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস।

এদিকে সকাল ১০টায় অনলাইনে যুক্ত হয়ে শিক্ষার্থীদের হলে ওঠার কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়, অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে হলে তোলা হবে।

সকালে কয়েকটি আবাসিক হলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন ধরে হলে ঢুকছেন। ফটকের ভেতর হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র আছে কি না, তা যাচাই করে দেখছেন। 

এছাড়া, হলগুলোতে শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয় লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নেওয়া হয়।

সকাল থেকেই রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন উপায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন, সঙ্গে আছে ট্রাংক, বাক্স ও ব্যাগে ব্যক্তিগত জিনিসপত্র। প্রতিটি হলের সামনে সকাল ১০টার আগে থেকেই শিক্ষার্থীদের ভিড় জমতে শুরু করে। 

প্রতিটি হলে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন। হলের দেয়ালগুলো চুনকাম ছাড়াও প্রয়োজনীয় সংস্কারকাজও শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাসনিম জেরিন বলেন, ‘এতদিন পর হল খুলে দিয়েছে, কতটা ভালো লাগছে বলে প্রকাশ করা যাবে না আসলে। ক্যাম্পাস লাইফটা অনেক মিস করেছি। আশা করছি পড়াশোনার যে ঘাটতিটা হয়েছে, সেটি আমরা দ্রুতই পুষিয়ে উঠতে পারবো।’

বিশ্ববিদ্যালয় শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন। অনেকটা মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো। দীর্ঘদিন পর শাবিপ্রবির সব হল খুলে দেওয়া হয়েছে। এরই বহিঃপ্রকাশ হিসেবে আমরা শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে ফুল, মাস্ক ও চকলেট দিয়ে বরণ করেছি।