কপিরাইট অফিসের হস্তক্ষেপে রয়্যালটি পেলেন নাট্য পরিচালক

বাংলাদেশ কপিরাইট অফিসের হস্তক্ষেপে টেলিভিশন নাটক নির্মাতা এফ জামান তাপস তার নাটকের কপিরাইট স্বত্ব ও রয়্যালটি বুঝে পেয়েছেন।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।

২০১৯ সালে নির্মিত ‘পূর্ণতা’ নামের একটি নাটক, অভিযোগকারী পরিচালকের সঙ্গে চুক্তি ভঙ্গ করে একটি বেসরকারি টেলিভিশনে প্রচার এবং ইউটিউবে প্রচার করেন প্রযোজক শাহেদ হোসেন। যার প্রেক্ষিতে কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেছিলেন পরিচালক তাপস।

কপিরাইট অফিস জানায়, ‘ফ্যাক্টর থ্রি সলিউশনসের স্বত্বাধিকারী শাহেদ হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেন এফ জামান তাপস। অভিযোগে তিনি উল্লেখ করেন যে, তিন লাখ টাকার বিনিময়ে ‘পূর্ণতা’ নামে একটি টেলিফিল্ম নির্মাণের জন্য শাহেদ হোসেনের সঙ্গে তার চুক্তি সম্পাদিত হয় এবং  নির্মাণের পর যথারীতি তিনি টেলিফিল্মটি শাহেদ হোসেনকে প্রদান করেন। কিন্তু চুক্তি অনুযায়ী টাকা প্রদান না করে এবং অবৈধভাবে প্রযোজক হিসেবে নিজ নাম ব্যবহার করে শাহেদ হোসেন টেলিফিল্মটি নাগরিক টিভি ও সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রচার করেন।’

অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি হয় উল্লেখ করে জাফর রাজা চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘নাগরিক টিভি কর্তৃপক্ষ এবং উভয় পক্ষের উপস্থিতিতে একাধিকবার শুনানি গ্রহণের পর বাংলাদেশ কপিরাইট অফিস শাহেদকে তিন লাখ টাকা পরিশোধের আদেশ প্রদান করে এবং সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে যে টাকা আয় হয়, তা এফ জামান তাপসকে পরিশোধ ও অবিলম্বে সিডি চয়েসের ইউটিউব চ্যানেল থেকে টেলিফিল্মটি অপসারণ করতে নির্দেশ দেয়। শাহেদ নির্ধারিত টাকা প্রদানে বারবার কালক্ষেপণ করায় পরে তার বিরুদ্ধে মালামাল ক্রোকের আদেশ দেয়া হলে সম্প্রতি তিনি সমুদয় টাকা এফ জামান তাপসকে বুঝিয়ে দেন।’

নাগরিক টিভি কর্তৃপক্ষকে কপিরাইট লঙ্ঘনের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে উল্লেখ করে জাফর রাজা চৌধুরী বলেন, ‘নাগরিক টিভি কর্তৃপক্ষ কপিরাইট অফিসকে জানায় যে, তারা শাহেদের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী সময় বরাদ্দ করায় তারা নাটকটি সম্প্রচার করেছে। প্রচলিত প্রথা ও পদ্ধতি অনুসরণক্রমে চুক্তির ভিত্তিতে নাটকটি সম্প্রচার করায় নাগরিক টিভি কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয়। উক্ত বক্তব্যের ভিত্তিতে কপিরাইট লঙ্ঘনের দায় থেকে নাগরিক টিভি কর্তৃপক্ষকে অব্যাহতি দেয়া হয়। তবে ভবিষ্যতে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রণেতার স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে যার অর্থ ব্যয়ে নির্মিত নাটক সম্প্রচারিত হচ্ছে, তার সঙ্গে সংশ্লিষ্ট নাটক সরবরাহকারীর চুক্তি সম্পাদিত হয়েছে কিনা, কিংবা তাকে প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দেয়া হয়।’