রায়পুরায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলির অভিযোগ, আহত ২০

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

সোমবার বিকেলে রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক ও বাঁশগাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হাসান মিয়ার ছেলে জাকির গ্রুপের মধ্যে বিরোধ চরমে ওঠে।

এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান আশ্রাফুল হক। এ নিয়ে এক পক্ষের মধ্যে আনন্দ বিরাজ করলেও অপর পক্ষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই জের ধরে সোমবার বিকেলে নতুন বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ প্রায় ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আতাউর রহমান বলেন, এলাকার আধিপত্য ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে একটু হট্টগোল দেখা দেয়। তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো খবর পাইনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।